সরকারি জাহেদা সফির মহিলা কলেজে তিন নতুন ভবন উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর

সরকারি জাহেদা সফির মহিলা কলেজে তিন নতুন ভবন উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর




সরকারি জাহেদা সফির মহিলা কলেজে তিন নতুন ভবন উদ্বোধন – দৈনিক আজকের জামালপুর



নিজস্ব সংবাদদাতা
জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে নবনির্মিত তিনটি ভবনের উদ্বোধন করা হয়েছে।গতকাল সোমবার ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ভবন তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জামালপুরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি বাস এবং প্রশাসনিক ও জরুরি কাজে ব্যবহারের জন্য একটি মাইক্রোবাস বরাদ্দের দাবি জানান। তিনি বলেন, কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু হলে দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে। এ ছাড়া পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মাইক্রোবাসের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। প্রধান অতিথি কলেজ কর্তৃপক্ষের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। কলেজ কর্তৃপক্ষের আশা, নতুন তিনটি ভবন চালু হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান, প্রশাসনিক কার্যক্রম ও বিজ্ঞান শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি মাল্টিপারপাস ভবনটি শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধন হওয়া ভবনগুলোর মধ্যে ৬ তলা ভিতের ওপর নির্মিত ৬ তলা প্রশাসনিক কাম-একাডেমিক ভবন, ৬ তলা ভিতের ওপর নির্মিত ৬ তলা বিজ্ঞান ভবন এবং ৫ তলা ভিতের ওপর নির্মিত ৫ তলা মাল্টিপারপাস ভবন রয়েছে।


Explore More Districts