যশোরের মণিরামপুরে নির্মাণাধীন একটি ইটের ঘরের ভেতর গাঁজার চাষের অভিযোগে মাহফুজা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘরটি থেকে ৪৫টি জীবিত গাঁজাগাছ জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাকলা গ্রামে অভিযান চালিয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ গাঁজাগাছগুলো জব্দ করে। পরে ওই রাতেই মাহফুজার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক কামাল হোসেন জানান, মাহফুজার বসতভিটায় নির্মাণাধীন একটি ইটের ঘরের ভেতরে প্লাস্টিকের বস্তা দিয়ে ঘেরা অবস্থায় গাঁজাগাছগুলো বেড়ে উঠছিল। জব্দ করা গাছগুলোর ওজন এক মণের বেশি হবে বলে দাবি পুলিশের।
পুলিশের দাবি, মাহফুজার স্বামী সালমান হোসেন ভারতে থাকেন এবং সেখানে গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
এদিকে পুলিশের অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে মাহফুজা দাবি করেন, তার ছোট মেয়ে ফুলগাছ মনে করে একটি গাঁজার চারা এনে ঘরের ভেতরে লাগিয়েছিল। পরে ওই গাছ থেকে বীজ পড়ে অন্য গাছগুলো জন্ম নেয়। তার মেয়েও একই দাবি করেছে।
স্থানীয় ইউপি সদস্য ইসলাম গাজী বলেন, মাহফুজা তার বাবার ভিটায় বসবাস করেন এবং আর্থিকভাবে অসচ্ছল। স্থানীয়ভাবে তাদের গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা তিনি আগে শোনেননি।
তবে মাহফুজার দাবি সত্য নয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা কামাল হোসেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

