‘খেলাধুলা হোক নেশা, পরিবার পাবে ভরসা’

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে যশোরে আয়োজন করা হচ্ছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সারাদেশে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আয়োজিত হচ্ছে এই কাবাডি চ্যাম্পিয়নশিপ।

পুলিশ সুপার বলেন, এই আয়োজন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়দের খুঁজে বের করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকের ভয়াবহতা ও কিশোর অপরাধ থেকে দূরে রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং কিশোর অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব। একই সঙ্গে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং এবং অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য বলে জানানো হয়। পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে নতুন প্রজন্মের মাঝে জনপ্রিয় করে তোলা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

কমিউনিটি পুলিশিং কমিটির সার্বিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠনের পরামর্শ ও সমন্বয়ে প্রতিযোগিতাটি পরিচালিত হবে। প্রতিযোগিতার প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।

প্রতিযোগিতার প্রথম ধাপে ইউনিয়ন পর্যায়ে নারী ও পুরুষ কাবাডি দল গঠন করে প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা চ্যাম্পিয়ন দল বাছাই করা হবে। এরপর সব উপজেলা চ্যাম্পিয়ন দলকে নিয়ে জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ে অংশ নেবে।

বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে নারী ও পুরুষ উভয় বিভাগের দল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এবং পুলিশ-জনগণের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘খেলাধুলা হোক নেশা, পরিবার পাবে ভরসা।’

Explore More Districts