টাঙ্গাইল সদর ডাকবাংলোর ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন – News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজস্ব প্রতিনিধি: জেলা পরিষদের অর্থায়নে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন টাঙ্গাইল সদর ডাকবাংলোর ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের থানা পাড়া এলাকায় এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন্নাহার স্বপ্না, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউল হক শাহীন, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহীন আকন্দ, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিমসহ অন্যান্যরা।

জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির বলেন, এখানে আগে একটি ডাকবাংলো ছিল। সেটি পরিত্যক্ত হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল। এছাড়া টাঙ্গাইলে বাইরে থেকে আসা সরকারি, রাজনৈতিক ও বিভিন্ন পর্যায়ের অতিথিদের থাকার জন্য ভালো আবাসন সুবিধারও সংকট ছিল।

 

তিনি বলেন, অতিথিদের থাকার আধুনিক সুবিধা নিশ্চিত করতে ১০ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৬ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

Explore More Districts