যশোরে প্রেম করে বিয়ের ‘অপরাধে’ কিশোরকে মারধর ও ছুরিকাঘাত

প্রেম করে বিয়ে করার ‘অপরাধে’সাজিদ আহম্মেদ (১৮) নামে এক কিশোরকে মারধর ও ছুরিকাঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যশোর শহরতলীর পুলেরহাট বাজারের কাছে এ ঘটনা ঘটে।

আহত সাজিদ সদর উপজেলার ভাতুড়িয়া হাফেজপাড়া এলাকার হাফিজুর রহমানের ছেলে। তিনি জানান,প্রায় চার মাস আগে শংকরপুর হাজারিগেট এলাকার আব্দুল মান্নানের মেয়ে সাদিয়া আফরিণকে গোপনে বিয়ে করেন। এরপর কয়েক দফায় আফরিণকে তার পরিবারের সদস্যরা জোর করে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

সাজিদের অভিযোগ, সর্বশেষ ২ সেপ্টেম্বর রাতে বন্ধু রাব্বিকে নিয়ে পুলেরহাটের শিশু উন্নয়ন কেন্দ্রের সামনে অবস্থানকালে মুখোশধারী কয়েকজন মোটরসাইকেলে এসে তাকে প্রেম করে বিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে পাশের একটি গলিতে নিয়ে কাঠের বাটাম দিয়ে মারধর ও ছুরিকাঘাত করে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে বন্ধু রাব্বিকেও মারধর করা হয়।

পরে স্থানীয়দের সহায়তায় তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় সাজিদ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

Explore More Districts