চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট নির্বাচন–২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে প্রাথমিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল রোববার এ তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল আউয়াল চৌধুরী। উল্লেখ্য, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিকে প্রকাশিত তালিকা অনুযায়ী, ভাইস–চেয়ারম্যান পদে মো. আছিফ চৌধুরী ও শফিউল আলম চৌধুরী এবং সেক্রেটারি পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মো. ফরহাদুল ইসলাম প্রাথমিকভাবে বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ৭ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন– ডা. এস এম সরোয়ার আলম, ডা. তাসলিম চৌধুরী, মো. রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, এডভোকেট মুহাম্মদ রাহিম উদ্দিন চৌধুরী ও মো. হাসান মাহমুদ। অন্যদিকে মোহাম্মদ মোজাম্মেল হক–এর মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে অবৈধ ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার আবদুল আউয়াল চৌধুরী বলেন, নির্বাচন কমিশন নির্ধারিত বিধিমালা ও সময়সূচি অনুসরণ করে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। আশা করছি প্রার্থীদের সহযোগিতা ও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন সম্পন্ন হবে। ভাইস–চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আছিফ চৌধুরী বলেন, জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালকে একটি গরিববান্ধব ও মানবিক হাসপাতালে রূপান্তর করা আমার অন্যতম লক্ষ্য। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ যেন এই হাসপাতাল থেকে সহজে ও মানসম্মত সেবা পেতে পারেন, সেটিই হবে আমার প্রধান উদ্দেশ্য। সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম
বলেন, রেড ক্রিসেন্টের মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করতে কাজ করতে চাই। সদস্যদের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটিয়ে একটি শক্তিশালী ও জনকল্যাণমুখী ইউনিট গড়ে তোলাই আমার লক্ষ্য।

