যমজ কন্যাসন্তানের বাবা-মা হলেন আদিত্য সীল ও আনুশকা রঞ্জন – DesheBideshe



মুম্বাই, ২৪ আগস্ট – বলিউড অভিনেতা আদিত্য সীল ও তার স্ত্রী অভিনেত্রী আনুশকা রঞ্জনের ঘরে এসেছে যমজ কন্যাসন্তান। গত ২৩ আগস্ট দুই নতুন অতিথির আগমনে এই তারকা দম্পতির সংসারে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি জানিয়ে দুই মেয়ের নামও প্রকাশ করেছেন তারা।

আদিত্য ও আনুশকা তাদের কন্যাদের নাম রেখেছেন বীরা রঞ্জন সীল ও মাহী রঞ্জন সীল। সন্তানদের জন্মের তারিখ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কার্ড প্রকাশ করেন তারা। আদিত্য লেখেন, আমাদের জীবন আরও উজ্জ্বল করতে দুই ছোট অতিথি হাজির হয়েছে। আমাদের হৃদয় এখন ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ। বীরা ও মাহী।

নতুন অতিথিদের আগমনে আদিত্য ও আনুশকা নিজেদের অত্যন্ত আনন্দিত ও উত্তেজিত হিসেবে উল্লেখ করেছেন।

চলতি বছরের শুরুর দিকে মাতৃত্বকালীন ফটোশুটের ছবি প্রকাশ করে আনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন তারা। এরপর মে মাসে এক সাক্ষাৎকারে আনুশকা জানান, এই সুখবরটি প্রকাশ্যে আনতে তারা কিছুটা সময় নিয়েছিলেন। বিয়ের খবরের চেয়েও সন্তানের আগমনের খবর জানাতে তিনি বেশি উদ্বিগ্ন ছিলেন বলে জানান।

এর আগে নিজেদের ইউটিউব চ্যানেলে আইভিএফের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন আনুশকা। সন্তান নেওয়ার পথে তাকে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল। সেই সময়ে স্বামী আদিত্যের কাছ থেকে পাওয়া নিরন্তর সহযোগিতার কথাও তিনি স্মরণ করেন।

আনুশকা জানান, আইভিএফ প্রক্রিয়ার সময় তাকে প্রায় ১৫০টি ইনজেকশন নিতে হয়েছিল। অনেক সময় যন্ত্রণায় কেঁদেও ফেলতেন তিনি। ২০২৩ সাল থেকে তারা পরিবার শুরু করার পরিকল্পনা করছিলেন। পরে তার বোন আকাঙ্ক্ষা রঞ্জনের উৎসাহে চিকিৎসকের পরামর্শ নেন তারা।

আদিত্য ও আনুশকার পরিচয় হয়েছিল ২০১৭ সালের ২৬ জুন। একটি স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠানে তাদের প্রথম দেখা হয় এবং সেখান থেকেই প্রেমের সম্পর্কের শুরু। দীর্ঘ প্রেমের পর ২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বিয়ের প্রায় পাঁচ বছর পর যমজ সন্তানকে নিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন এই দম্পতি।

এনএন/ ২৪ আগস্ট ২০২৬



Explore More Districts