রংপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত
জেলা প্রতিনিধি
রংপুর।
রংপুরের পাগলাপীরের ঠাকুরপাড়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বাছুরবান্দা গ্রামের লালমন রায়ের ছেলে সূর্য রায় (১৯) এবং শলেয়াশাহ লালচাঁদপুর গ্রামের পদার রায়ের ছেলে গাড্ডু রায় (১৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রোববার বেলা ১টার দিকে সূর্য রায় ও গাড্ডু রায় মোটরসাইকেলে করে শলেয়াশাহ বাজার থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলেন। সূর্য রায় মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং গাড্ডু রায় পেছনে বসেছিলেন। দুপুর ২টার দিকে ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে দুজনই মহাসড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন। ঘটনায় জড়িত মাইক্রোবাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
