
রংপুর, ২৩ আগস্ট – রংপুর নগরীর দাসপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষকসহ তার পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী। ঘটনার তদন্তে কাজ শুরু করেছে সিআইডি এবং গোয়েন্দা পুলিশ।
স্থানীয়দের তথ্যানুযায়ী, গণপতি চক্রবর্তী গত বছরের শেষে শিক্ষকতা থেকে অবসর নিয়েছিলেন। তার মেয়ে কারমাইকেল কলেজের শিক্ষার্থী ছিলেন এবং ছেলে জিলা স্কুলের পঞ্চম শ্রেণিতে পড়ত।
পরিবারের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলের পর থেকে তাদের সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি এবং মোবাইল ফোনগুলো বন্ধ ছিল। সন্দেহ হওয়ায় শনিবার রাতে বাড়িতে গিয়ে তালাবদ্ধ অবস্থায় ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে তালা ভেঙে ঘরে প্রবেশ করে ভিন্ন ভিন্ন স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করে।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, মা ও মেয়ের মরদেহ সিঁড়িতে, শিক্ষকের মরদেহ ছাদে এবং ছেলের মরদেহ খাটের নিচে পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তদন্ত শুরু করেছে। পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এলাকাটিতে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।
এনএন/ ২৩ আগস্ট ২০২৬



