জাপানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২৩ জন – DesheBideshe



টোকিও, ২৩ আগস্ট – জাপানে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় রোববার ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় জেলা ইবারাকিতে ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরে।

জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই। কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে জাপানের দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল এবং রাজধানী টোকিওতে। ইবারাকি অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত।

ভূমিকম্পের প্রভাবে সাইতামা, কানাগাওয়া, চিবা এবং ইবারাকি জেলায় মোট ২৩ জন আহত হয়েছেন। এর মধ্যে সাইতামা ও কানাগাওয়ায় ৯ জন করে, চিবায় ৪ জন এবং ইবারাকিতে ১ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। আহতদের অধিকাংশই ঘুমের মধ্যে আতঙ্কিত হয়ে বিছানা থেকে পড়ে গিয়ে কিংবা আসবাবপত্রের সঙ্গে ধাক্কা লেগে আঘাত পেয়েছেন।

কানাগাওয়া জেলার ইয়োকোহামা শহরে ৮০ বছর বয়সী এক নারী বিছানা থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন।

প্রাকৃতিক এই দুর্যোগের ফলে রাজধানী টোকিও থেকে অন্যান্য অঞ্চলে বিস্তৃত রেল নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাজধানীর অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত সেবাগুলো মেরামতের কাজ শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে জানানো হয়েছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করতে ইতোমধ্যে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে জাপানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। প্রতি বছর বিশ্বে সংঘটিত মোট ভূমিকম্পের প্রায় ১৭ শতাংশ এই দেশটিতে ঘটে থাকে।

এনএন/ ২৩ আগস্ট ২০২৬



Explore More Districts