মার্কিন অর্থনৈতিক যুদ্ধে মিত্রদের অংশ না নিতে ইরানের কঠোর হুঁশিয়ারি – DesheBideshe



তেহরান, ২৩ আগস্ট – ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা অর্থনৈতিক যুদ্ধে মিত্র দেশগুলোকে অংশ না নিতে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যারা এই যুদ্ধে ওয়াশিংটনকে সহায়তা করবে ইরান তাদের শত্রু হিসেবে গণ্য করার ঘোষণা দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই সব দেশকে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে সামিল না হওয়ার আহ্বান জানান।

রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেন যে দেশই ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে অংশ নেবে তাদের ওপর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান এতদিন ইরান কেবল মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। কিন্তু পরিস্থিতি জটিল হলে ইরানের আশপাশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আমেরিকার তেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও আক্রমণ চালানো হতে পারে।

মোহসেন রেজাই দাবি করেন যে তেহরানের কাছে এখনো অনেক কৌশলী পাল্টা ব্যবস্থা রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের অর্থনীতিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার যে চেষ্টা চালাচ্ছে তা সফল হতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

ইরান সতর্ক করেছে যে ট্রাম্প কোনো হঠকারী পদক্ষেপ নিলে তার ফল হবে ভয়াবহ।

এদিকে ওয়াশিংটন ইরানের বন্ধু দেশগুলোকেও এই নিষেধাজ্ঞায় অংশ নেওয়ার আহ্বান জানালেও চীন এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে। বেইজিংয়ের মতে মার্কিন নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের সংকটের সমাধান নয়। তবে তেহরানের অন্যতম বাণিজ্যিক অংশীদার সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ইরানের সাথে সব ধরনের ব্যবসায়িক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে।

এনএন/ ২৩ আগস্ট ২০২৬



Explore More Districts