বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম দায় নেই: ডা. জাহেদ
জেলা প্রতিনিধি, রংপুর ।
তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তারপরও মাননীয় প্রধানমন্ত্রী এই কষ্টের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, প্রতি ছয় মাস পর পর এসেস করা হবে। কোন মন্ত্রণালয় কি করছে, কীভাবে করছে। এভাবে ৫ বছর জনগণের কাছে যেতে হবে। কি করা হয়েছে, আগামীতে কি করা হবে- সেই বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরা হবে। আমরা আশা করি, ভবিষ্যতে বাংলাদেশ একটি নির্বাচন ব্যবস্থা থাকবে এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। যাতে সরকারগুলো জনগণের কাছে কমিউনিকেট করতে চায় এবং রিপ্রেজেন্ট করতে চায়। কেননা তাকে পাঁচ বছর পর আবার জনগণের কাছে ভোট চাইতে হবে।
জনগণের কমিটমেন্ট সম্পর্কে তিনি বলেন, এই সরকার নির্বাচিত একটা সরকার। জনগণ এই সরকারকে বড় একটা বিজয় দিয়েছে। সরকার জনগণের এই কমিটমেন্টকে যে কোন মূল্যে রক্ষা করতে চায়।
উপস্থিত জেলা প্রশাসন ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সরকার দেশের উন্নয়নে বিভিন্ন জেলা উপজেলায় যোগ্য মানুষদের নিয়োগ দিয়েছে। তারা তাদের মত করে সিদ্ধান্ত নেবে। সব ক্ষেত্রে কেন্দ্রের অনুমতি লাগবে এটা হতেই পারে না।
মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা কালচারাল অফিসার ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার উদ্দেশে রংপুর জেলা ত্যাগ করেন।
