ঝালকাঠি সদর হাসপাতালে বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগে টেকনোলজিস্টকে শোকজ

১৯ August ২০২৬ Wednesday ৫:৫০:৩৭ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগে ১০০ শয্যাবিশিষ্ট ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

এর আগে ১৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশের পর তা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। এর পরদিন ১৮ আগস্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাসুম ইফতেখার স্বাক্ষরিত শোকজ নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, বহিরাগত ব্যক্তিকে দিয়ে সরকারি দায়িত্বের কাজ করানো সরকারি কর্মচারী বিধিমালার ২(অ) ও ২(আ) অনুযায়ী অসদাচরণের শামিল। কেন বহিরাগত দিয়ে এক্স-রে করানো হয়েছে, সে বিষয়ে সন্তোষজনক জবাব নোটিশ জারির তিন কর্মদিবসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশের সঙ্গে সঙ্গে বিষয়টি আমাদের নজরে আসে। তাঁকে শোকজ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) দিলীপ কুমার শীল বলেন, ‘জি, আমাকে শোকজ করা হয়েছে। শোকজের কাগজ হাতে পেয়েছি। যথাসময়ের মধ্যে জবাব দেব।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts