হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe



তেহরান, ১৫ আগস্ট – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণার কথা জানিয়েছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের ওপর বড় ধরনের অর্থনৈতিক আঘাত হানা হবে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও ইরানের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন।

নিউইয়র্কের একটি রাজনৈতিক সমাবেশে ট্রাম্প হাস্যেজ্জ্বল ভঙ্গিতে হরমুজ প্রণালি দখল করার কথা বললেও বিষয়টি কতটা গুরুত্বের সাথে বলা হয়েছে তা নিয়ে অস্পষ্টতা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিদাবাদি জানিয়েছেন, হুমকি বা শক্তি প্রদর্শনে তেহরান ভীত নয় এবং হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করা ইরানের নিজস্ব এখতিয়ার। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন যে, কোনো নির্দেশ বা নির্বাচনী ভাষণের মাধ্যমে এই প্রণালি দখল করা সম্ভব নয়।

গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উত্তেজনার ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জাহাজ ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, শুক্রবার মাত্র দুটি জাহাজ এই পথ অতিক্রম করেছে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে এবং ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারে পৌঁছেছে।

ট্রাম্প মার্কিনিদের সামান্য বেশি দামে জ্বালানি কেনার আহ্বান জানিয়ে বলেছেন, একটি দেশকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই এই ত্যাগ স্বীকার করতে হচ্ছে।

অন্যদিকে ইরানের বিরুদ্ধে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্য নিয়ে ওঠা উদ্বেগ উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, দ্রুতই সেখানে বিকল্প জাহাজ পাঠানো হবে। বর্তমানে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় কেবল বার্তা আদান প্রদান চলছে তবে কোনো আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু হয়নি।

এনএন/ ১৫ আগস্ট ২০২৬



Explore More Districts