যশোরে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পৃথক মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক দুজন হলেন শহরের পুরাতন কসবা নিরিবিলি পাড়ার আব্দুস সাত্তারের ছেলে হাসান বশির রিতু এবং বসুন্দিয়া মোল্লাপাড়ার মৃত আব্দুল জলিল মোল্লার ছেলে হারুনর রশিদ। পুলিশ জানিয়েছে, তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
পুলিশ জানায়, গত ৩১ জুলাই যশোরের রাজারহাট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মশাল মিছিল বের করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসান বশির রিতুকে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অন্যদিকে, গত ৬ জুন রাতে বসুন্দিয়ার জঙ্গলবাধাল স্কুলের পাশে অবস্থিত বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হারুনর রশিদকে সোমবার দিবাগত রাতে বসুন্দিয়া বাজার থেকে আটক করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।

