এসএসসি:যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা

এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৮৫ শতাংশ।

বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন। এর মধ্যে ৬৬ হাজার ৭১৭ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৮ হাজার ৪৬৩ জন। অন্যদিকে ৬৬ হাজার ২২৩ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৩৯ হাজার ৬৩৪ জন।
বোর্ডে এবার মোট ১১ হাজার ৪৭৮ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৬ হাজার ৩৫১ জন এবং ছাত্র ৫ হাজার ১২৭ জন।

বিভাগভিত্তিক ফলাফলেও মেয়েরা এগিয়ে রয়েছে। বিজ্ঞান বিভাগে মেয়েদের পাসের হার ৮৮ দশমিক ৯৫ শতাংশ, ছেলেদের ৮৪ দশমিক ৭৫ শতাংশ। মানবিক বিভাগে মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ১৯ শতাংশ, ছেলেদের ৪৬ দশমিক ৫৮ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৫৮ শতাংশ, ছেলেদের ৬৬ দশমিক ০৭ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুল মতিন বলেন, কয়েক বছর ধরে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করছে। ছেলেদের একটি বড় অংশ এসএসসি পাসের আগেই ঝরে পড়ছে। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি বোর্ডও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

Explore More Districts