আট বছর পর বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা – DesheBideshe

আট বছর পর বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা – DesheBideshe



আট বছর পর বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা – DesheBideshe

ঢাকা, ৭ আগস্ট – দীর্ঘ আট বছর বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও ক্যামেরার সামনে কাজ করাকে খুব একটা মিস করেননি বলে জানিয়েছেন তিনি। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং সন্তানদের বড় করে তোলাকেই জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে দেখছেন এই অভিনেত্রী।

রাজকুমার সন্তোষী পরিচালিত নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’ এর প্রচারণা অনুষ্ঠানে প্রীতি বলেন, সত্যি বলতে সিনেমায় কাজ করাকে খুব বেশি মিস করিনি। বরং পরিবারের সঙ্গে কাটানো সময়টা দারুণ উপভোগ করেছি। সন্তানদের জন্ম, তাদের বড় করে তোলা এবং ব্যক্তিগত জীবনকে সময় দেওয়া এসবই আমার জন্য নতুন ও মূল্যবান অভিজ্ঞতা।

ব্যক্তিগতভাবে মনে করি সন্তানদের জন্ম দেওয়া আমার জীবনের সবচেয়ে বড় মাইলফলক। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভাইয়াজি সুপারহিট’ ছিল প্রীতির সর্বশেষ সিনেমা। সেই ছবিতে তার সহশিল্পী ছিলেন সানি দেওল। কাকতালীয়ভাবে আট বছর পর তার প্রত্যাবর্তনের ছবিতেও নায়ক হিসেবে রয়েছেন সানি দেওল।

একসময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন ছিলেন প্রীতি জিনতা। ২০০০ এর দশকে একের পর এক সফল চলচ্চিত্র উপহার দিয়ে নিজের অবস্থান সুদৃঢ় করেছিলেন তিনি। তবে বিয়ে ও সন্তান হওয়ার পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। এই সময়ে তিনি সফল উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন।

এস এম/ ৭ আগস্ট ২০২৬



Explore More Districts