লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে সচেতনতামূলক সভা – Habiganj News

লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে সচেতনতামূলক সভা – Habiganj News

হবিগঞ্জ পল্লী বিদ্যুতের অধীন লাখাই জোনাল অফিসের উদ্যোগে সারা দেশের ন্যায় লাখাই উপজেলায়ও বিদ্যুৎ সাশ্রয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিদ্যুৎ সাশ্রয়, গ্রাহকসেবা ও গণশুনানি বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. বাদশা মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সুমন সাহা। বিশেষ অতিথি ছিলেন লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ।

 

এছাড়া বক্তব্য রাখেন লাখাই পল্লী বিদ্যুৎ অফিসের ওয়্যারিং পরিদর্শক আসাদুল্লাহ, ব্যবসায়ী ফয়সাল আহমেদ, বেনু মিয়া, নিচেন্দ্র দেব, নিখিল চন্দ্র শীল, স্বপন চন্দ্র দাস, লেবু মিয়াসহ অন্যান্যরা।

 

প্রধান অতিথির বক্তব্যে ডিজিএম সুমন সাহা বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সবাইকে সাশ্রয়ী ফ্যান, এলইডি লাইট ও বিদ্যুৎ-সাশ্রয়ী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে অভ্যস্ত হতে হবে। এতে বিদ্যুৎ অপচয় কমবে এবং লোডশেডিং সমস্যা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

তিনি আরও বলেন, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ মাঝে-মধ্যেই পাওয়া যায়। এ বিষয়ে মাঠপর্যায়ে মিটার রিডিংয়ের দায়িত্বে নিয়োজিত কর্মীদের আরও সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হবে, যাতে কোনো ধরনের গাফিলতি না হয়।

Explore More Districts