আগামী ২৫ জুলাই সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ। এ সমাবেশকে ঘিরে ইতোমধ্যে সিলেটের রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। সমাবেশ সফল করতে জোটের নেতাকর্মীরা নগর ও জেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা এবং প্রস্তুতি সভাসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
জোটের নেতাদের দাবি, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি এবং চলমান জাতীয় বিভিন্ন ইস্যুতে জনগণের প্রত্যাশা তুলে ধরতেই এ বিভাগীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে সমাবেশ থেকেই জোটের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
সমাবেশস্থলের প্রস্তুতি পরিদর্শনকালে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাজশাহী থেকে শুরু হওয়া ধারাবাহিক বিভাগীয় সমাবেশের সমাপ্তি ঘটবে সিলেটের এ মহাসমাবেশের মধ্য দিয়ে। তিনি বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা—বিশেষ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনা, ঢাকা-সিলেট মহাসড়কের নির্মাণকাজে ধীরগতি এবং অন্যান্য জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া সময়ের দাবি।
তিনি আরও জানান, সমাবেশকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও জনসম্পৃক্ত করতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সমন্বয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভাগের চার জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
সমাবেশস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, এনসিপির জেলা আহ্বায়ক জুনেদ আহমদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২৫ জুলাইয়ের এ বিভাগীয় সমাবেশ শুধু সিলেট নয়, জাতীয় রাজনীতিতেও তাৎপর্যপূর্ণ বার্তা বহন করতে পারে। বিশেষ করে জোটের নতুন কর্মসূচি ঘোষণার সম্ভাবনা এবং কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিতিকে ঘিরে সমাবেশটি ইতোমধ্যেই ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


