গতকাল বুধবার সকাল থেকে হাজার হাজার বিক্ষোভকারী স্লোগানে স্লোগানে এবং ভারতের জাতীয় পতাকা নাড়িয়ে আবার যন্তর মন্তরে জড়ো হতে শুরু করেন। আবার অনেকে সংসদের বাইরে বিক্ষোভ করেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যার পর থেকে যন্তর মন্তরে মানুষের ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। ফলে যন্তর মন্তর থেকে মানুষের ভিড় আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে।
ভারতের বেসরকারি সংবাদ সংস্থা এএনআই দিল্লি পুলিশের বরাতে প্রতিবেদনে দাবি করে, গতকাল গভীর রাতে কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর ও প্লাস্টিকের বোতল ছুড়ে মারেন। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং তাঁদের হাসপাতালে নেওয়া হয়।
এক্সে (সাবেক টুইটার) স্থানীয় কিছু সাংবাদিকসহ অন্যদের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীদের ছোট ছোট কিছু দলের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষ হচ্ছে। সেখানে পুলিশ তাঁদের লাঠিপেটা করছে এবং কাঁদানে গ্যাস ছুড়ছে।

