ফিফা প্রধান ইনফান্তিনোর পদত্যাগ চাইলেন লা লিগা সভাপতি জাভিয়ের তেবাস – DesheBideshe

ফিফা প্রধান ইনফান্তিনোর পদত্যাগ চাইলেন লা লিগা সভাপতি জাভিয়ের তেবাস – DesheBideshe



ফিফা প্রধান ইনফান্তিনোর পদত্যাগ চাইলেন লা লিগা সভাপতি জাভিয়ের তেবাস – DesheBideshe

মাদ্রিদ, ২১ জুলাই – বিশ্বকাপ চলাকালীন ও পরবর্তীতে নানা বিতর্কের কারণে সমালোচনার কেন্দ্রে রয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এবার তার পদত্যাগের দাবি তুলেছেন স্প্যানিশ লা লিগার সভাপতি জাভিয়ের তেবাস।

ইতালিয়ান সংবাদপত্র লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস অভিযোগ করেন যে ফিফা বর্তমানে ফুটবল শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তেবাসের মতে ইনফান্তিনোর সময় ফুরিয়ে এসেছে এবং তার আর এই পদে থাকা উচিত নয়।

সাক্ষাৎকারে তেবাস বিশ্বকাপের বিভিন্ন বিষয়ের কঠোর সমালোচনা করেন। বিশেষ করে ম্যাচে হাইড্রেশন ব্রেক, ফাইনালের দীর্ঘ হাফটাইম বিরতি এবং সম্ভাব্য ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগানের লাল কার্ড স্থগিতের সিদ্ধান্ত নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

তেবাসের মতে ফিফার নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ হওয়ার কারণে ইনফান্তিনো প্রায়ই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। তেবাস জানান যে ফুটবল কেবল বিশ্বকাপ কেন্দ্রিক হওয়া উচিত নয়। জাতীয় লিগগুলোই মূলত এই খেলাটিকে টিকিয়ে রেখেছে। তিনি দাবি করেন যে মুষ্টিমেয় কিছু খেলোয়াড়কে নিয়ে আয়োজন করা সংক্ষিপ্ত টুর্নামেন্টের জন্য ফিফা হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী ফুটবল শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে।

হাইড্রেশন ব্রেক প্রসঙ্গে তেবাস বলেন যে শীতাতপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে এই বিরতির কোনো প্রয়োজন ছিল না এবং এটি মূলত বিজ্ঞাপনের মাধ্যমে বাড়তি আয়ের জন্য করা হয়েছিল।

হাফটাইম বিরতি নিয়েও প্রশ্ন তুলেছেন তেবাস। বড় তারকাদের পরিবেশনার জন্য বিরতির সময় প্রায় দ্বিগুণ করা হয়েছিল যা ফুটবলের স্বার্থে নয় বরং ফিফার নিজস্ব স্বার্থে করা হয়েছে বলে তিনি মনে করেন।

তার মতে ফিফা এমনভাবে পরিচালিত হচ্ছে যারা ফুটবলের উন্নয়ন নিয়ে না ভেবে কেবল নিজেদের লাভের কথা চিন্তা করে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করছে।

এনএন/ ২১ জুলাই ২০২৬



Explore More Districts