| ১৩ July ২০২৬ Monday ৭:১৮:০৯ PM | |
ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার লতাবুনিয়া গ্রামে সাপের কামড়ে নুসরাত আক্তার (৩) নামের এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে।
স্থানীয় ও পারিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে বাড়ির উঠানে খেলছিল নুসরাত। একপর্যায়ে উঠানের একটি গর্তে হাত দিলে সেখানে লুকিয়ে থাকা একটি সাপ তাকে কামড় দেয় বলে পরিবারের সদস্যরা ধারণা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে স্বজনেরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মোস্তফা কামাল বলেন, সাপের কামড়ের বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা কোনো সময় নষ্ট না করে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সজিব আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তার হাতের আঙুলে দুটি চিহ্ন পাওয়া গেছে, যা দেখে প্রাথমিকভাবে বিষধর সাপের কামড়ে শিশুটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
চিকিৎসক সজিব আরও বলেন, স্বজনেরা সাপটিকে সরাসরি দেখতে পাননি বলে জানিয়েছেন। তবে জীবিত অবস্থায় শিশুটি তার স্বজনদের জানিয়েছিল, তাকে সাপে কামড় দিয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
