যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখনো দ্বিতীয়, অন্য দেশের অবস্থায় কোথায়

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখনো দ্বিতীয়, অন্য দেশের অবস্থায় কোথায়

যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ স্থান ধরে রেখেছে বাংলাদেশ। যদিও বাংলাদেশের রপ্তানি কমেছে। অন্যদিকে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষে থাকা ভিয়েতনামের রপ্তানি বেড়েছে।

ইউএস অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) প্রকাশিত তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রের বাজারে চলতি বছরের প্রথম ৫ মাসে বাংলাদেশ ৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ কম। যদিও রপ্তানি কমার এই হার যুক্তরাষ্ট্রের সামগ্রিক তৈরি পোশাক আমদানির বাজার সংকোচনের চেয়ে সামান্য কম। তার মানে চাহিদা কমার কারণেই মূলত বাংলাদেশের রপ্তানি কমেছে।

অবশ্য যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ সরবরাহকারী হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রে চলতি বছরের প্রথম ৫ মাসে দেশটি ৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় দেড় শতাংশ বেশি।

অটেক্সার তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা গত জানুয়ারি-মে সময়ে ২৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করেছে। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ২৫ শতাংশ কম। গত বছরের প্রথম ৫ মাসে ৩১ দশমিক ৭১ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছিলেন দেশটির ব্যবসায়ীরা।

জানতে চাইলে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে চাহিদা কিছুটা বাড়লেও এখনও আগের অবস্থায় ফেরেনি। ফলে শিগগিরই রপ্তানি খুব বেশি বৃদ্ধির সম্ভাবনা নেই।
মোহাম্মদ হাতেম বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিরুদ্ধে দুইটি অভিযোগে তদন্ত করছে। সেই তদন্তের পর নতুন করে শুল্ক আরোপের শঙ্কাও আছে। ফলে ক্রেতা প্রতিষ্ঠানগুলো ক্রয়াদেশ দেওয়ার বিষয়ে কিছুটা সর্তক আছে। এই দুই তদন্তের বিষয়ে বাংলাদেশ সরকারের কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

Explore More Districts