অস্ট্রেলিয়া সফরে নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি, তদন্তে নেমেছে প্রশাসন – DesheBideshe

অস্ট্রেলিয়া সফরে নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি, তদন্তে নেমেছে প্রশাসন – DesheBideshe



অস্ট্রেলিয়া সফরে নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি, তদন্তে নেমেছে প্রশাসন – DesheBideshe

নয়াদিল্লি, ৫ জুলাই – ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। আগামী ৮ জুলাই তার এই সফর শুরু হওয়ার কথা রয়েছে।

হুমকির বিষয়টি প্রকাশ্যে আসার পর অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মেলবোর্ন মিটস মোদি অনুষ্ঠানের একটি পোস্টের নিচে আবু মুস্তাফা নামের একটি অ্যাকাউন্ট থেকে নেতিবাচক মন্তব্য করা হয়। ওই মন্তব্যে বলা হয়, অনুষ্ঠানের সময় স্টেডিয়ামের ছাদ বন্ধ রাখা উচিত, অন্যথায় তিনি অস্ট্রেলিয়ায় মৃত্যুর মুখোমুখি হতে পারেন। এই ঘটনাকে কেন্দ্র করে তদন্তকারীরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট আইপি ঠিকানা শনাক্ত করেছেন এবং কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত হয়েছে কি না তা খতিয়ে দেখছেন।

নরেন্দ্র মোদী আগামী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত অস্ট্রেলিয়া সফরে থাকবেন। এই সময়ে তিনি দ্বিপক্ষীয় বৈঠক এবং মেলবোর্নে প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেবেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মোদীকে স্বাগত জানাতে সম্মানিত বোধ করছেন বলে জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সম্পর্ক বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। এই অংশীদারিত্ব ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে।

সফরকালে দুই দেশের মধ্যে সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং প্রযুক্তির মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। অস্ট্রেলিয়ার কাছে ভারত বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে জি২০ সম্মেলনের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

এনএন/ ৫ জুলাই ২০২৬



Explore More Districts