ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। সঞ্চালনায় করেন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আমীর মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি আবুল কালাম আজাদ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন, কামরুজ্জামানসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
সভায় সদস্যরা উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে হাসপাতালের চিকিৎসা সেবার মান আরও উন্নত করা, প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, রোগীদের প্রতি আন্তরিক আচরণ বজায় রাখা এবং স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।



