জৈন্তাপুরে অবৈধ পাথরবাহী ট্রাক আটক।। মহাসড়ক অবরোধ।। বিজিবির ফাঁকা গুলি বর্ষণ

জৈন্তাপুরে অবৈধ পাথরবাহী ট্রাক আটক।। মহাসড়ক অবরোধ।। বিজিবির ফাঁকা গুলি বর্ষণ

জৈন্তাপুরে অবৈধ পাথরবাহী ট্রাক আটক।। মহাসড়ক অবরোধ।। বিজিবির ফাঁকা গুলি বর্ষণসিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে পাথর পরিবহনের অভিযোগে একটি ট্রাক আটককে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতামূলকভাবে শটগান থেকে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে প্রশাসনের হস্তক্ষেপ ও আলোচনার মাধ্যমে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

৪৮ বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) ভোরে শ্রীপুর খড়মপুর এলাকায় টহল অভিযানের সময় অবৈধভাবে পাথর বহনকারী চারটি ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকগুলো বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়ার পথে বিক্ষুব্ধ শ্রমিকরা জোরপূর্বক তিনটি ট্রাক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে গিয়ে পাথর আনলোড করে দেয়। তবে একটি ট্রাক পাথর ফেলে চলে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে সেটি পুনরায় আটক করে বিজিবি।

এ ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ, ট্রাকচালককে বিজিবি সদস্যরা শারীরিকভাবে মারধর করেছেন এবং বিনা উসকানিতে ফাঁকা গুলি ছুড়েছেন।

অন্যদিকে ৪৮ বিজিবির অধিনায়ক জানান, ঘটনাস্থলে বিপুল সংখ্যক শ্রমিক জড়ো হয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শটগান থেকে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধ চলার পর জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক প্রতিনিধি, পরিবহন শ্রমিক, পাথর ব্যবসায়ী, স্থানীয় চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত ও সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে অবৈধভাবে পাথর পরিবহনের দায়ে সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত আটক ট্রাকটিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে।

ডিএস/এমসি

Explore More Districts