যশোরে ডিএইচএলের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, যুবক আটক

যশোরে ডিএইচএলের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ, যুবক আটক

যশোরে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ডিএইচএলের (DHL) নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে মিকাইল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে শহরের মোমিননগর মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আটক মিকাইল ইসলাম নতুনহাট এলাকার বাসিন্দা।

ডিএইচএলের যশোর এজেন্ট আবু হাসান জানান, মিকাইল ইসলাম একসময় সিভিল কোর্ট মোড়ে অবস্থিত তার প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছুদিন আগে চাকরি ছেড়ে দেওয়ার পর তিনি গোপনে মোমিননগর মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে ডিএইচএলের সাইনবোর্ড টাঙিয়ে নিজেকে প্রতিষ্ঠানটির এজেন্ট হিসেবে পরিচয় দিচ্ছিলেন।

তিনি আরও জানান, ওই দোকানের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির মালামাল সংগ্রহ করে অন্য একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিদেশে পাঠানো হচ্ছিল। বিষয়টি বৃহস্পতিবার বিকেলে তার নজরে এলে তিনি কোম্পানি কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে মিকাইল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিকাইল ইসলামকে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Explore More Districts