চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা – DesheBideshe

চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা – DesheBideshe



চার বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা – DesheBideshe

ঢাকা, ২৮ জুন – লঘুচাপের বর্ধিতাংশ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্য কয়েকটি বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববারের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান যে, দেশের চার বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে উত্তর ও পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায়ও দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

গত একদিনে দেশের সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কুতুবদিয়ায়। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায় যে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে।

এনএন/ ২৮ জুন ২০২৬



Explore More Districts