যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’ হত্যা:মেছো সুমন ও রোহিত গ্রেপ্তার

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’ হত্যা:মেছো সুমন ও রোহিত গ্রেপ্তার

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাসিন্দা সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৪০) হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ধর্মতলা এলাকার শহিদুজ্জামানের ছেলে সাব্বির হোসেন সুমন ওরফে ‘মেছো সুমন’ এবং রঘুরামপুর গ্রামের শফিয়ার রহমানের ছেলে রোহিত।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইদ সরদার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের কামগাজীর পুকুরপাড়ের একটি ঝোপ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই জাহিদ হোসেন কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ জানতে পারে, হত্যাকাণ্ডের দিন সাইদ সরদারের সঙ্গে গ্রেপ্তার দুই ব্যক্তির একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ হয়েছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা মরদেহ ঘটনাস্থলের পাশের ঝোপে ফেলে রেখে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম জানান, তদন্তে রোহিত ও মেছো সুমনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১২টি মামলা বিচারাধীন রয়েছে। মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে, তিনি মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Explore More Districts