ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে প্রতারক আটক, দুই শিশু উদ্ধার

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে প্রতারক আটক, দুই শিশু উদ্ধার

যশোরের কেশবপুরে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করার অভিযোগে এক প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তার কবল থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কেশবপুর পৌরসভার ভোগতী নরেন্দ্রপুর (ভবানীপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া দুই শিশু হলো বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়ার বাসিন্দা ইয়ামিন হোসেন (১২) ও সারাফাত ইসলাম নোমান (১২)। তারা সম্পর্কে চাচাতো ভাই। গত ২২ জুন পারিবারিক অভিমানে বাড়ি থেকে বের হয়ে খুলনা রেলস্টেশনে আসে। সেখানে তাদের সঙ্গে পরিচয় হয় কেশবপুর উপজেলার বায়সা এলাকার বাসিন্দা মাসুম বিল্লাহ (৩৫)-এর।

অভিযোগ রয়েছে, মাসুম বিল্লাহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশু দুটিকে কেশবপুরে নিয়ে আসে এবং উপজেলা সদরের একটি মসজিদের ভবনে রাখে। পরে বিভিন্ন গ্রামে নিয়ে গিয়ে মসজিদ ও মাদ্রাসার নাম ব্যবহার করে টাকা, চালসহ বিভিন্ন ধরনের সাহায্য সংগ্রহে তাদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাত।

বুধবার বিকেলে ভবানীপুর এলাকায় জনৈক আব্দুল হামিদের বাড়ির সামনে শিশু দুটিকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা পুরো ঘটনার বর্ণনা দিলে স্থানীয়রা মাসুম বিল্লাহকে আটক করে পুলিশে খবর দেন। পরে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার এবং মাসুম বিল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, উদ্ধার হওয়া শিশুদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Explore More Districts