
তেহরান, ২১ জুন – সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি সরবরাহ ও চাহিদার সমন্বয় বাড়াতে একটি নতুন কনসোর্টিয়াম গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। মস্কোতে আয়োজিত এসসিও জ্বালানি মন্ত্রীদের এক বৈঠকে ইরানের উপ-জ্বালানি মন্ত্রী মোস্তফা রাজাবি এই খসড়া প্রস্তাবটি পেশ করেন।
তেহরানের পক্ষ থেকে উত্থাপিত এই খসড়াটি পরবর্তী এসসিও শীর্ষ সম্মেলনে পর্যালোচনা ও গৃহীত হবে বলে আশা করা হচ্ছে। মোস্তফা রাজাবি জানান যে সদস্য রাষ্ট্রগুলোর বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইরান তাদের বিদ্যুৎ গ্রিডগুলো একে অপরের সাথে সংযুক্ত করার প্রস্তাব দিয়েছে।
২০২৪ সালের একটি বৈঠকে এই ধারণাটি প্রথম উত্থাপন করা হয়েছিল এবং সদস্য দেশগুলো ইরানের এই খসড়া প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের মতে এই কনসোর্টিয়াম প্রতিষ্ঠিত হলে এসসিওভুক্ত দেশগুলোর জ্বালানি অবকাঠামোয় আমূল পরিবর্তন আসবে এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
ইরানের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির প্রধান হিসেবে দায়িত্বপালনকারী এই মন্ত্রী আরও বলেন ইরান বর্তমানে তার বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাকে বহুমুখী করার চেষ্টা করছে। বিশেষ করে অভ্যন্তরীণ সৌরবিদ্যুৎ সম্প্রসারণ এবং মিত্র দেশগুলোর সঙ্গে বৃহত্তর সহযোগিতার মাধ্যমে এই লক্ষ্য অর্জনের পরিকল্পনা করা হয়েছে।
তেহরান চায় আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য বাজার প্রতিষ্ঠা এবং স্মার্ট গ্রিড সম্প্রসারণের জন্য সদস্য দেশগুলোর মধ্যে যৌথ প্রকল্প গ্রহণ করতে। তথ্যমতে গত এক বছরে ইরান তার সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পাঁচগুণ বৃদ্ধি করেছে। একই সাথে দেশটি তার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়ানোর কার্যক্রমও অব্যাহত রেখেছে।
এস এম/ ২১ জুন ২০২৬




