বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আরও আনন্দময় ও যুগোপযোগী করতে বর্তমান সরকার বিস্তৃত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, তারা শিক্ষার্থীদের বাবা-মায়ের মতো স্নেহ, মমতা ও শাসনের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন।
শনিবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণও করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হয়েছে। ভবিষ্যতে আন্তঃস্কুল কবিতা আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। পাশাপাশি শিশু একাডেমির কার্যক্রম নতুনভাবে শুরু হবে এবং বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষারও সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার উদ্যোগ নিয়েছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দিন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৬ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৯ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা ভবনটিতে আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিপারপাস হলরুম, ল্যাবরেটরি, লাইব্রেরি, শিক্ষক ও শিক্ষার্থীদের কমনরুম রয়েছে। এছাড়া ভবনের ছাদে সোলার সিস্টেম ও বজ্রপাত নিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে।

