চাঁদপুরের হাইমচর উপজেলার চরপোড়ামুখী খাল পুনঃখনন ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলায় কৃষি উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় চরপোড়ামুখী খাল পুনঃখনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, এই উপজরলায় মোট ১৩টি খাল রয়েছে। এর মধ্যে ১২টি পানি উন্নয়ন বোর্ডের এবং ১টি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধীনে। বর্তমান বর্ষাকাল শেষ হলেই আগামী বছরের মধ্যে আমরা এলাকার সবকটি খাল খনন সম্পন্ন করা হবে। এই খাল খননের ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। আর আমাদের কৃষকরা উপকৃত হওয়া মানেই জাতীয়ভাবে দেশের উপকার হওয়া। কৃষ ফলন যত বাড়বে, কৃষকের লাভও তত বেশি হবে।
তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় খালের মধ্যে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, খালের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় এর দুই পাশে ব্যাপক হারে গাছ লাগানো হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে জনগণের কাছে সবচেয়ে পছন্দের ব্যক্তি। তিনি মাটি ও মানুষের নেতা।
তিনি খালের উত্তোলিত মাটি প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী একটি নিয়ম করে দিয়েছেন যে, খাল খননের পর যদি অতিরিক্ত মাটি থাকে, তবে স্থানীয়রা তা উপজেলা প্রশাসন থেকে কিনে নিতে পারবেন। তবে আগে রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ সম্পন্ন করা হবে, এরপর অতিরিক্ত মাটি থাকলে তা বিক্রির ব্যবস্থা করা হবে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা পাপ্পু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ হাইমচর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার/১৩ জুন ২০২৬

