চট্টগ্রামের বিভিন্ন পরিবহন কাউন্টারে সচেতনতামূলক কার্যক্রম বিআরটিএর – দৈনিক আজাদী

চট্টগ্রামের বিভিন্ন পরিবহন কাউন্টারে সচেতনতামূলক কার্যক্রম বিআরটিএর – দৈনিক আজাদী

ঈদুল আজহার পর যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রামের বিভিন্ন পরিবহন কাউন্টারে পরিদর্শন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বিআরটিএ।

আজ রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অলংকার, এ কে খান, বহদ্দারহাট, নতুন চান্দগাঁও থানা ও নতুন ব্রিজ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালকের (ইঞ্জিনিয়ারিং) নেতৃত্বে পরিচালিত অভিযানে চালক, হেল্পার, সুপারভাইজার ও কাউন্টার ম্যানেজারদের সঙ্গে মতবিনিময় করা হয়।

এ সময় চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিয়ে গাড়ি চালানো, অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার, মাদকাসক্ত বা অসুস্থ অবস্থায় যানবাহন না চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি বাসের ছাদে ও অতিরিক্ত যাত্রী বহন না করা, চলন্ত গাড়িতে যাত্রী ওঠানামা বন্ধ রাখা এবং যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করতে পরিবহন সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়।

এছাড়া কাউন্টার ম্যানেজারদের নির্ধারিত ভাড়া বাস্তবায়ন, সময়সূচি অনুযায়ী যানবাহন পরিচালনা, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ এবং চালক-সহকারীদের নিয়মিত তদারকির মাধ্যমে নিরাপদ যাত্রা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

Explore More Districts