প্রধানমন্ত্রীর আশ্বাসে মেয়ে হত্যার বিচার নিয়ে আশাবাদী বাবা হান্নান মোল্লা – DesheBideshe

প্রধানমন্ত্রীর আশ্বাসে মেয়ে হত্যার বিচার নিয়ে আশাবাদী বাবা হান্নান মোল্লা – DesheBideshe



প্রধানমন্ত্রীর আশ্বাসে মেয়ে হত্যার বিচার নিয়ে আশাবাদী বাবা হান্নান মোল্লা – DesheBideshe

ঢাকা, ২২ মে – রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতনের শিকার হয়ে নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা প্রধানমন্ত্রীর আশ্বাসে ন্যায়বিচার পাওয়ার ব্যাপারে গভীর আস্থা প্রকাশ করেছেন।

শুক্রবার মুন্সিগঞ্জের সিরাজদিখানে মেয়ের কবর জিয়ারত শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল হান্নান মোল্লা বলেন, প্রধানমন্ত্রী তাকে বড় ভাইয়ের মতো আশ্বস্ত করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন তিনি একজন মেয়ের বাবা হিসেবে এই ঘটনার বিচার নিশ্চিত করবেন। তার এই আন্তরিকতায় শতভাগ বিশ্বাস জন্মেছে যে মেয়ের হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার সম্পন্ন হবে।

শুক্রবার জুমার নামাজের পর সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী এলাকায় পারিবারিক কবরস্থানে রামিসার কবর জিয়ারত করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল্লাহসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় মসজিদে নিহতের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তারা অপরাধীর সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে আইনমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে হান্নান মোল্লা জানান।

শোকাবহ পরিবেশে রামিসার মা মেয়ের স্মৃতি হাতড়ে বারবার মূর্ছা যাচ্ছেন। স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাতে সিরাজদিখানে তার দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সোহেল আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এই ঘটনায় তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

এনএন/ ২২ মে ২০২৬



Explore More Districts