সিলেটের জকিগঞ্জ উপজেলার ভূমি সেবা সহজীকরণ, ভূমি উন্নয়ন কর প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ভূমি মেলা-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম আব্দুল আহাদ, জকিগঞ্জ থানার এসআই অরুপ সাগর গুপ্ত, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমদ, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মাওলানা মোস্তফা আহমদ, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না এবং ভূমি অফিসের সহকারী শামসুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাংবাদিক কে এম মামুন এবং গীতা পাঠ করেন শ্রীকান্ত পাল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান বলেন, নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমেই জমির মালিকানা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি জানান, টানা তিন বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে সহকারী কমিশনার (ভূমি) সংশ্লিষ্ট জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করতে পারেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সার্টিফিকেট মামলাও দায়েরের বিধান রয়েছে।
তিনি জমি সুরক্ষায় তিন ‘দ’ তথা দলিল, দাখিলা ও দখল নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে দালালচক্রের দৌরাত্ম্য রোধ, নামজারি প্রক্রিয়া সহজীকরণ এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম জোরদার করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে আধুনিক ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ সম্পর্কেও বক্তব্য দেন। আইনটির বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, ভূমি জালিয়াতি, অবৈধ দখল, প্রতারণা ও ভুয়া কাগজপত্র তৈরির মতো অপরাধ দমনে এ আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভূমি সংক্রান্ত অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

