বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
“নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুষ্টিয়া আঞ্চলিক অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বিএসটিআই কুষ্টিয়া অফিসের অফিস প্রধান ও উপপরিচালক (রসায়ন) প্রদীপ কুমার মালোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসানের। তবে অন্য একটি অনুষ্ঠানে ব্যস্ত থাকায় জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএসটিআইয়ের আওতাধীন স্টেকহোল্ডার, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
সভায় স্বাগত বক্তব্যে প্রদীপ কুমার মালো বিএসটিআইয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরে বলেন, প্রতিষ্ঠানটির ল্যাবরেটরিগুলোতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের ফলে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান আরও সহজ হয়েছে। তিনি জানান, সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কুষ্টিয়াসহ আরও নয়টি আঞ্চলিক অফিস স্থাপন করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মান গ্রহণ ও বিভিন্ন ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন সম্প্রসারণে বিএসটিআই কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করে পণ্য উৎপাদন, সেবা ও প্রক্রিয়ার মান বজায় রাখতে পারলেই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তিনি পরীক্ষণ কার্যক্রমে দক্ষ জনবল ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জ্বালানি তেল বিক্রেতা, চালকল মালিক, শিশুখাদ্য ও কৌটাজাত দ্রব্য উৎপাদনকারীদের সঠিক পরিমাপ নিশ্চিত করার নির্দেশনা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো. হাসান ইমাম বলেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে ওজন ও পরিমাপের নির্ভুলতার কোনো বিকল্প নেই। বিদেশে বাংলাদেশের বিভিন্ন পণ্যে বিএসটিআইয়ের লোগো দেখতে পাওয়া দেশের জন্য গর্বের বিষয় বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া পণ্যের মান নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনাসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে কুষ্টিয়ার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিএসটিআইয়ের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভোক্তা পর্যায়ে আরও কার্যকর সেবা নিশ্চিত করতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Explore More Districts