মাউন্ট এডোরা হসপিটালের উদ্যোগে স্টেমেইস স্কুলে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

মাউন্ট এডোরা হসপিটালের উদ্যোগে স্টেমেইস স্কুলে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত

মাউন্ট এডোরা হসপিটালের উদ্যোগে স্টেমেইস স্কুলে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিতসিলেটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্টেমেইস স্কুলের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী “ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপন, মানসিক বিকাশ, খাদ্যাভ্যাস ও প্রযুক্তির সঠিক ব্যবহার বিষয়ে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

স্বাস্থ্য সচেতনতামূলক সেশনে সিলেটের খ্যাতিমান মেডিসিন ও কার্ডিওলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শিশির কুমার বসাক শিক্ষার্থীদের সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বলেন, “শৈশব থেকেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যতে অনেক জটিল রোগ থেকে মুক্ত থাকা সম্ভব।”

এছাড়া মাউন্ট এডোরা হাসপাতালের কনসালটেন্ট অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন ডা. মো. তৌফিক আলম সিদ্দিকী (জাফরান) শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরেন। হাসপাতালের উপ-পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. তানভীরুজ্জামান “মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস” বিষয়ে আলোচনা করেন।

সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের অতিরিক্ত “স্ক্রিন টাইম”-এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন এবং সহকারী পরিচালক ডা. আবু জাওয়াদ মো. আহসানুল্লাহ স্বাস্থ্যকর জীবনযাপন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে হার্ট অ্যাটাকজনিত জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে-কলমে “কার্ডিও পালমোনারি রিসাসিটেশন (সিপিআর)” প্রশিক্ষণ প্রদান করেন মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউ কনসালটেন্ট ডা. মো. রায়হান আহমদ। এতে অংশগ্রহণকারীরা তাৎক্ষণিক জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

দিনব্যাপী আয়োজিত হেলথ স্ক্রিনিং প্রোগ্রামে চক্ষু, নাক-কান-গলা (ইএনটি), ডেন্টাল, ডার্মাটোলজি, শিশু রোগ, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা, খাদ্য ও পুষ্টি, মেডিসিন ও বাত-ব্যথাসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউন্ট এডোরা হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মাহমুদ হাসান। এছাড়াও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টেমেইস স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল হুমায়রা বেগম, ভাইস প্রিন্সিপাল আমিরুল ইসলাম সাদি, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব সুন্নাহসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে শারীরিক ও মানসিক সমস্যাগুলো দ্রুত শনাক্ত করা।

একই অনুষ্ঠানে মাউন্ট এডোরা হাসপাতাল, সিলেট এবং স্টেমেইস স্কুলের মধ্যে একটি স্বাস্থ্যবিষয়ক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় স্কুলের কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং শিক্ষার্থীরা মাউন্ট এডোরা হাসপাতালের আখালিয়া ও নয়াসড়ক শাখায় বিশেষ কর্পোরেট স্বাস্থ্যসেবা ও সুযোগ-সুবিধা পাবেন।

অনুষ্ঠান শেষে অভিভাবক ও শিক্ষকরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, “শুধু পাঠ্যপুস্তক নয়, শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।” আয়োজকরা ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ডিএস/এমসি

Explore More Districts