পাহাড়ের মানুষের জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে – দৈনিক আজাদী





বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, কৃষকদের মাঝে পাওয়ার টিলার এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অন্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) শেখ ছালেহ্‌ আহাম্মদ, রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) সুমন বড়ুয়া, বান্দরবান ইউনিট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, পাহাড়ের মানুষদের শিক্ষা, কৃষি এবং নারীদের অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি কৃষি খাতকে আধুনিক ও উৎপাদনমুখী করা প্রয়োজন। একই সঙ্গে নারীদের দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। স্থানীয়দের প্রয়োজন ও সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে পরিকল্পিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হবে। উন্নয়নের মাধ্যমে পার্বত্যাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধির সুযোগ তৈরি করা হবে।




Explore More Districts