| ২ May ২০২৬ Saturday ৪:৪০:৫৭ PM | |
মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

মঠবাড়িয়ার পিরোজপুরের ৯নং সাপলেজা ইউনিয়নে গরু চুরির ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। সর্বশেষ ২৪ এপ্রিল (শুক্রবার) দিবাগত রাতে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে একযোগে ১৪টি গরু চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ একটি চোরচক্রের এই চুরিতে কৃষকদের সর্বস্ব হারানোর উপক্রম হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে সাপলেজা ইউনিয়নের বিভিন্ন বাড়িতে একদল সংঘবদ্ধ চোর হানা দেয়। এসময় তারা সবুর মিয়ার ৪টি,কুদ্দুস পহলানের ২টি, কামাল তালুকদারের ১টি এবং শাহ আলমের ১টি গরুসহ অন্যান্য কৃষকদের মোট ১৪টি গরু চুরি করে পালিয়ে যায়। সকালে গোয়াল ঘর খালি দেখে চুরির বিষয়টি জানাজানি হলে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
ভুক্তভোগী কৃষকরা তাদের ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বর্তমানে গ্রামগুলোতে মাদকসেবী, ইয়াবা কারবারি এবং চিহ্নিত সন্ত্রাসীদের অবাধ বিচরণ বেড়েছে, এর ফলে নতুন নতুন চোরচক্রের আবির্ভাব হয়েছে। আগে হাঁস, মুরগি ও ছাগল চুরির ঘটনা ঘটলেও এখন সরাসরি বড় বড় গরু চুরি হচ্ছে। কৃষকদের ভাষ্যমতে, মাদকের বিস্তার এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকা অপরাধীরা তাদের নিরাপত্তাহীনতায় ভুগাচ্ছে।
সাপলেজা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত গরুর মালিকরা জানান, চুরি হওয়া গবাদি পশুগুলো তাদের শেষ সম্বল ছিল। তারা এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার এবং চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

