পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে হাওরে ফসলহানি: তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন – DesheBideshe

পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে হাওরে ফসলহানি: তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন – DesheBideshe



পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে হাওরে ফসলহানি: তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন – DesheBideshe

সুনামগঞ্জ, ৩০ এপ্রিল – দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হাওর অঞ্চলের বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিস্তীর্ণ এলাকার বোরো ধানখেত তলিয়ে যাওয়ায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন। অনেক স্থানে বাঁধ ভেঙে পানি ঢোকায় আধাপাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা।

সুনামগঞ্জের জিনারিয়া হাওরের রক্ষাবাঁধ ভেঙে তলিয়ে গেছে বিপুল পরিমাণ ফসলি জমি। বোলাই নদীর পাশের একটি খালের বাঁধ ভেঙে যাওয়ায় হঠাৎ করেই হাওরে পানি ঢুকতে শুরু করে। এতে জিরাতি কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় কৃষকরা জানান, ধারদেনা করে আবাদ করা ধান চোখের সামনে তলিয়ে যেতে দেখে তারা কান্নায় ভেঙে পড়ছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, বাঁধ ভাঙার আগে ও পরে মিলিয়ে প্রায় ১১ হেক্টর জমি পুরোপুরি পানির নিচে চলে গেছে।

এছাড়া দোয়ারাবাজার উপজেলার নাইন্দার হাওর, কাংলার হাওর ও দেখার হাওরসহ ছোট বড় বেশ কিছু হাওরে ফসলহানি ঘটেছে। কৃষকরা কোমরসমান পানিতে নেমে কোনোমতে ধান রক্ষার চেষ্টা করছেন।

নেত্রকোনা জেলায় গত তিন দিনের অবিরাম বর্ষণে প্রায় ৫ হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে গেছে বলে জানা গেছে। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, ক্ষতির পরিমাণ প্রায় ৩ হাজার হেক্টর।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ধান কাটার জন্য মাইকিং করা হলেও অনেক স্থানে শ্রমিকের সংকট দেখা দিয়েছে।

খালিয়াজুরি ও মদনসহ কয়েকটি উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকরা ভবিষ্যতের চিন্তায় উদ্বিগ্ন।

মৌলভীবাজারের হাকালুকি হাওরেও পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। প্রশাসন বলছে বোরো আবাদের সিংহভাগ কর্তন সম্পন্ন হয়েছে, তবে প্রান্তিক কৃষকদের অভিযোগ, এখনো অনেক ধান জমিতে রয়ে গেছে।

এদিকে জেলার প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে হবিগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খোয়াই নদীসহ অন্যান্য নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় নদীতীরবর্তী এলাকার সবজি ও বোরো ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

বিরূপ আবহাওয়ার কারণে হাওরপাড়ের জনপদে এখন হাহাকার বিরাজ করছে।

এনএন/ ৩০ এপ্রিল ২০২৬



Explore More Districts