ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, প্রিন্সিপাল খলিলুর রহমান একজন সৎ, দক্ষ ও জনবান্ধব ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর রাজনৈতিক জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল ছাত্রদলের শিক্ষা বিষয়ক সম্পাদক, ঝাউডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, উপজেলা ছাত্রদলের সহসভাপতি, ইউনিয়ন যুবদলের সভাপতি, উপজেলা যুবদলের সহসভাপতি এবং উপজেলা বিএনপির সহসভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, পেশাগত জীবনেও প্রিন্সিপাল খলিলুর রহমান অসামান্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন। বিশ্বব্যাংকের অর্থায়নে মালয়েশিয়ায় প্রশাসনিক প্রশিক্ষণ সনদ অর্জনের পাশাপাশি তিনি শেরেবাংলা একে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড, জাতীয় বিশ্ববিদ্যালয় পুরস্কার, স্বাধীনতা স্মৃতি অ্যাওয়ার্ড এবং সর্বশেষ শহীদ জিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড ২০২৬-এ ভূষিত হয়েছেন।
আফজাল হোসেন বলেন, তাঁর সৎ, সাহসী, বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে ঝাউডাঙ্গা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যাশায় সাধারণ জনগণ, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়ে আসছেন।
তিনি অভিযোগ করেন, প্রিন্সিপাল খলিলুর রহমানের জনপ্রিয়তা, সততা এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী দৃঢ় অবস্থানে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও নিন্দনীয়।
বিবৃতিতে তিনি বলেন, “আমরা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সত্যকে কখনো মিথ্যার আড়ালে রাখা যায় না। প্রিন্সিপাল খলিলুর রহমানের সুনাম ক্ষুণ্ন করার এ হীন অপচেষ্টা কখনো সফল হবে না।”
তিনি সংশ্লিষ্ট গণমাধ্যম ও সকলের প্রতি যথাযথ যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে জনসচেতন মহলকে এ ধরনের ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ারও আহ্বান জানান।

