উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ৪৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ১৮৬ মেট্রিক টন। কৃষকেরা ব্রি-২৮, ২৯, ৫৮, ৭৪, ৮১ ও ৮৮-সহ নানা উন্নত জাতের বোরো আবাদ করেন। গত বছরে বোরোর আবাদ হয়েছিল ৯ হাজার ৯৮৪ হেক্টর জমিতে। গতবারের তুলনায় এবার বেশি জমিতে বোরোর আবাদ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের ভেতরে ব্রাহ্মণচক, সাদুল্যাপুর, পশ্চিম দুর্গাপুর, ফতেপুর, লুধুয়া, হরিণা, মিলারচর, পূর্ব হানিরপাড়, মধ্য হানিরপাড়, লুধুয়া, মান্দারতলী ও উত্তর রাঢ়ীকান্দিসহ উপজেলার আরও কয়েকটি এলাকায় দেখা যায়, সেখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে ধানখেত। খেতের পাকা ও আধা পাকা ধানের ফলনের ভারে নুইয়ে আছে গাছের ডগা। খেতে দোল খাচ্ছে বৈশাখী বাতাস। কৃষক ও শ্রমিকেরা ব্যস্ত ধান কাটা ও মাড়াইয়ে। এ যেন একটুকরা ‘সোনালি ধানের রাজ্য’।
