ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত – DesheBideshe

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত – DesheBideshe



ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত – DesheBideshe

আবুধাবি, ২৮ এপ্রিল – বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর শক্তিশালী জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তেলের বাজারে প্রভাবশালী এই জোট এবং এর অনানুষ্ঠানিক নেতা সৌদি আরবের জন্য আমিরাতের এই প্রস্থান একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে বিদ্যমান উত্তেজনা ও বৈশ্বিক অর্থনীতির অস্থির পরিস্থিতির মধ্যেই আমিরাত এই পদক্ষেপ গ্রহণ করল। দীর্ঘ সময় ধরে জোটের দেশগুলোর মধ্যে ভূরাজনৈতিক নানা বিষয়ে মতভেদ থাকলেও তেলের বাজার নিয়ন্ত্রণে তারা সবসময় ঐক্যবদ্ধ ছিল। তবে আমিরাতের এই সিদ্ধান্তে জোটটি দুর্বল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প ইতিপূর্বে অভিযোগ করেছিলেন যে, এই জোটগুলো কৃত্রিমভাবে তেলের দাম বাড়িয়ে বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করছে।

আমিরাতের অভিযোগ ছিল যে, ইরানের পক্ষ থেকে হামলার শিকার হলেও আরব মিত্র দেশগুলো তাদের সহায়তায় জোরালো ভূমিকা পালন করেনি।

সোমবার এক সম্মেলনে আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস আরব ও উপসাগরীয় দেশগুলোর কঠোর সমালোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, লজিস্টিক দিক থেকে সহায়তা পাওয়া গেলেও রাজনৈতিক ও সামরিকভাবে সদস্য দেশগুলোর অবস্থান ঐতিহাসিকভাবে সবচেয়ে দুর্বল পর্যায়ে রয়েছে।

গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর এমন নিস্পৃহ অবস্থান তাকে বিস্মিত করেছে বলেও তিনি মন্তব্য করেন।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬



Explore More Districts