
মুম্বাই, ২২ এপ্রিল – ২০২৪ সালে বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছিল বলিউড মেগাস্টার শাহরুখ খানের ছবি জওয়ান। বিশ্বজুড়ে ১১০০ কোটি রুপির বেশি আয় করে ইতিহাস গড়া এই ছবিটি কিং খানকে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার সিনেমা প্রেমীদের জন্য বড় চমক নিয়ে আসছেন শাহরুখ ও পরিচালক অ্যাটলি। ফের পর্দায় ফিরছে আজাদ ও বিক্রম রাঠোরের অনবদ্য রসায়ন।
জওয়ান ২ ছবির জন্য ফের একবার শাহরুখ খানের সাথে হাত মিলিয়েছেন পরিচালক অ্যাটলি। জানা গেছে, নিজের পরবর্তী চলচ্চিত্র কিং এর কাজ শেষ করেই জওয়ানের সিক্যুয়ালের শুটিং শুরু করবেন শাহরুখ। দীর্ঘ গবেষণার পর এই সিনেমার চিত্রনাট্য চূড়ান্ত করা হয়েছে। প্রথম কিস্তিতে খলনায়ক হিসেবে দর্শকদের নজর কেড়েছিলেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি।
সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবারও দ্বিতীয় পর্বে ভিলেনের চরিত্রের জন্য দক্ষিণ ভারতের কোনো প্রথম সারির জনপ্রিয় তারকাকে নেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। যদিও শাহরুখ খান কিংবা পরিচালক অ্যাটলি কেউই এখনো আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ঘোষণা দেননি।
উল্লেখ্য, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখ খান সেরা অভিনেতার স্বীকৃতি অর্জন করেছেন। একই সাথে চালেয়া গানের জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন শিল্পা রাও। এখন দেখার বিষয়, নতুন এই কিস্তিতে অ্যাটলি ও শাহরুখ জুটি বক্স অফিসের আগের সব রেকর্ড ভেঙে কতটা সাফল্য অর্জন করতে পারে।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬




