২০২৬ বিশ্বকাপের নতুন দফার টিকিট বিক্রি শুরু করল ফিফা – DesheBideshe

২০২৬ বিশ্বকাপের নতুন দফার টিকিট বিক্রি শুরু করল ফিফা – DesheBideshe



২০২৬ বিশ্বকাপের নতুন দফার টিকিট বিক্রি শুরু করল ফিফা – DesheBideshe

ওয়াশিংটন, ২২ এপ্রিল – আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের নতুন দফার টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে ১০৪টি ম্যাচের জন্য এই নতুন ব্যাচের টিকিট ছাড়া হচ্ছে। ফিফার এক বিবৃতিতে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা জুড়ে আয়োজিতব্য ম্যাচগুলোর টিকিট তাদের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে সংগ্রহ করা যাবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে ফাইনাল ম্যাচ পর্যন্ত পর্যায়ক্রমে আরও অতিরিক্ত টিকিট সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান যে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই মেগা আসরের জন্য ইতিমধ্যে ৫০ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। এর আগে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে সর্বোচ্চ ৩৫ লাখ টিকিট বিক্রির রেকর্ড ছিল যা ইতিমধ্যে অতিক্রম করেছে এবারের আসর। ১৬টি ভেন্যুর ধারণক্ষমতা অনুযায়ী মোট প্রায় ৭০ লাখ টিকিট পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে টিকিটের উচ্চমূল্য নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ফিফা।

বিশেষ করে ফাইনাল ম্যাচের কিছু টিকিটের দাম ১০ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। আয়োজকরা এই মূল্যবৃদ্ধির স্বপক্ষে যুক্তি দিয়ে জানিয়েছেন যে ব্যাপক চাহিদা এবং ডায়নামিক প্রাইসিং কৌশলের কারণে এমন দাম নির্ধারণ করা হয়েছে। এদিকে লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিট বিক্রি নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশিত হলেও ফিফা কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। তারা জানিয়েছে সব ম্যাচের টিকিট ঘিরেই সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।

এস এম/ ২২ এপ্রিল ২০২৬



Explore More Districts