রাজীব হোসেন,যশোর: যশোরের কৃতি সন্তান, বিশিষ্ট কবি ও সাহিত্যিক এম এম মনিরুল ইসলাম সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন।
গত ১৮ই এপ্রিল সাউথ এশিয়া আন্তর্জাতিক সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার নেন কবি এম এম মনিরুল ইসলাম, যিনি যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা সাইট খালি গ্রামের কৃতি সন্তান।
আয়োজকরা জানান, কবি এম এম মনিরুল ইসলামের সাহিত্যকর্ম, সৃজনশীলতা এবং সমাজমনস্ক লেখনীর জন্যই তাকে এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়েছে।
কবি এম এম মনিরুল ইসলাম দীর্ঘদিন ধরে কবিতা, গল্প ও বিভিন্ন সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে আসছেন। তার লেখায় সমাজের বাস্তবতা, মানবিক মূল্যবোধ এবং জীবনঘনিষ্ঠ বিষয়গুলো ফুটে ওঠে, যা পাঠকমহলে প্রশংসিত।
এই অর্জনের মাধ্যমে তিনি শুধু যশোরের গর্বই নন, দেশের সাহিত্যাঙ্গনেও নতুন করে আলোচিত হলেন। স্থানীয় সাহিত্যপ্রেমীরা মনে করছেন, তার এই সম্মাননা নতুন প্রজন্মের লেখকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অ্যাওয়ার্ড প্রাপ্তির প্রতিক্রিয়ায় কবি এম এম মনিরুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার জন্য গর্বের। আমি ভবিষ্যতেও সাহিত্যচর্চার মাধ্যমে সমাজের কথা তুলে ধরতে চাই।”


