বন্ধ মিল দ্রুত চালুর উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী – DesheBideshe

বন্ধ মিল দ্রুত চালুর উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী – DesheBideshe



বন্ধ মিল দ্রুত চালুর উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ১৩ এপ্রিল – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী।

সোমবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে দেশের কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন খাতকে আরও বেগবান করতে বেসরকারি বিনিয়োগের আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিলগুলো দ্রুত চালুর উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আগামীতে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে এসব মিল পুনরায় চালু করতে চায় সরকার। এ লক্ষ্যে মন্ত্রণালয় আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মো. শরীফুল আলম আরও উল্লেখ করেন, ইতোমধ্যে যারা মিল লিজ নিয়েছেন তাদের অনেক অব্যবহৃত জমি পড়ে রয়েছে। এসব জমিতে অধিক হারে বিনিয়োগের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। এর ফলে দেশের উৎপাদন খাত শক্তিশালী হবে যা সামগ্রিক অর্থনীতির জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

এসময় প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী পাটশিল্পের সার্বিক উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ জানান। বন্ধ মিলগুলো চালুর জন্য দরপত্র প্রক্রিয়ার বিষয়টিকে তিনি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬



Explore More Districts