
রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ দুই থানা—সদর থানা ও গোয়ালন্দ ঘাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করেছে জেলা পুলিশ প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোর্শেদ (বিপিএম-সেবা) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, রাজবাড়ী সদর পুলিশ কোর্টে কর্মরত কোর্ট পুলিশ পরিদর্শক মো. সফিকুল ইসলামকে গোয়ালন্দ ঘাট থানার নতুন ওসি হিসেবে বদলি করা হয়েছে। অপরদিকে, গোয়ালন্দ ঘাট থানার বর্তমান ওসি মো. মমিনুল ইসলামকে রাজবাড়ী সদর পুলিশ কোর্টের কোর্ট পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে রাজবাড়ী সদর থানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং গোয়ালন্দ ঘাট থানার সাবেক ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষকে রাজবাড়ী সদর থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সদর থানার বর্তমান ওসি খন্দকার জিয়াউর রহমানকে জেলা বিশেষ শাখা (ডিএসবি)-তে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং জনসেবাকে আরও গতিশীল করতে এ রদবদল করা হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

