কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত

আব্দুল হান্নান, সাতক্ষীরা:: এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে ঝাউডাঙ্গায় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে আরও সাফল্যের জন্য উৎসাহিত করা হয়।

প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং ভোর ফাউন্ডেশন, ঝাউডাঙ্গা, সাতক্ষীরার বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইকরামুল হোসোইন। কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষানুরাগী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্টানের আলোচক মণ্ডলীগন বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া নয়; বরং তাদের সাফল্যকে অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে প্রতিষ্ঠা করা। একজন শিক্ষার্থীর সাফল্য যখন সামাজিকভাবে স্বীকৃতি পায়, তখন অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল ও শিক্ষাজীবনে সফল হওয়ার জন্য উৎসাহিত হয়।

এ ধরনের আয়োজন শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায়, অভিভাবকদের সন্তানদের শিক্ষার বিষয়ে আরও সচেতন করে এবং শিক্ষক-শিক্ষার্থী ও সমাজের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক তৈরি করে। একই সঙ্গে মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের সামাজিক মর্যাদা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।

অনুষ্ঠানটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—শিক্ষার উন্নয়নে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণ। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা এবং ভোর ফাউন্ডেশনের বাস্তবায়নের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, শিক্ষার অগ্রগতির দায়িত্ব শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষকের নয়; শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে পুরো সমাজকেই এগিয়ে আসতে হবে।

আয়োজকদের প্রত্যাশা, আজ যারা সংবর্ধিত হয়েছে তাদের সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। একই সঙ্গে ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে উৎসাহিত করতে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে।

আয়োজকদের ভাষায়, “কৃতিকে সম্মান, মেধাকে উৎসাহ, শিক্ষাকে অগ্রাধিকার এবং আগামী প্রজন্মকে আলোকিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুহাঃ মুন্তাসির বিল্যাহ, সোনাবাড়ীয়ার সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, এছাড়া মোঃ আফতাবুজ্জামান, ডক্টর মোঃ সাইফুল আলম, মাসুম বিল্লাহ, মাহিনুজ্জামান, প্রফেসর আব্দুর রহিম, মাস্টার আব্দুল ওয়াহাব,অধ্যক্ষ মোঃ আজাদ হোসেনসহ আরো অনেক শিক্ষানুরাগী, সমাজসেবী ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভোর ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মোঃ মশিউর রহমান ও মোঃ আব্দুস সালাম।

Explore More Districts